দেশজুড়ে

হায় মুজিব, হায় মুজিব মাতম করা সেই আ.লীগ নেতা আটক

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ২০১৭ সালের ১৫ আগস্ট তাজিয়া মিছিলের ন্যায় ‘হায় মুজিব হায় মুজিব’ স্লোগান দিয়ে মাতম তোলার পর ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা হাজী ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান। তিনি বলেন, হাজী ইকবালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, হাজী ইকবালের বিরুদ্ধে চট্টগ্রামের বন্দর, ইপিজেড ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২০১৭ সালের চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।

এছাড়া, তিনি ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে এক সমাবেশে ‘হায় মুজিব হায় মুজিব’ স্লোগান তুলে বেশ বিতর্কের সৃষ্টি করেছিলেন।গ্রেপ্তার হওয়া হাজী ইকবাল চট্টগ্রামের মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার মৃত আলী আকবরের পুত্র। তিনি পূর্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন।

Show More

Related Articles

Back to top button